Breaking News

আজ থেকে শুরু সরকারি ৫ ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন, চলবে পুরো আগস্টজুড়ে

অনলাইন ডেস্ক:
দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ, শনিবার (১ আগস্ট)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিক এবং অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও একই সময়ে গ্রহণ করা হবে।

আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও দিতে হবে। প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচিতে নতুন করে অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না। একই সঙ্গে পূর্বে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদেরও পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

নতুন আবেদন ও অপেক্ষমাণ আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। অনুমোদিত তালিকাভুক্ত ব্যক্তিরা ২০২৬ সালের ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম নির্বিঘ্ন করতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …