Breaking News

যশোরে প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার দাইতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

আহত ছাত্রীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী (১৪) যশোর সদর উপজেলার ফতেপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং দাইতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তও (১৬) একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ওই ছাত্র দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ওই ছাত্রীকে বিদ্যালয় ও যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। পাশাপাশি প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতো। এতে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে টিফিনের সময় বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে ছাত্রের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে সঙ্গে থাকা একটি ধারালো চাকু দিয়ে ছাত্রীর পেটে আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার জন্য ছাত্রীটি হাত বাড়িয়ে দেয়।

এতে তার ডান হাতের তালুতে গুরুতর জখম হয়। তার চিৎকারে সহপাঠীরা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা আহত ছাত্রীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে আলোচনা করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত এর আগেও উচ্ছৃঙ্খল আচরণ করতো। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আশরাফ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Magpie News

Check Also

Samsung offers cashback on Galaxy A37 5G and Galaxy A57 5G in Bangladesh

[Dhaka, September 21, 2026] Samsung has recently announced cashback offers of up to BDT 13,200 …