নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত ব্যবসায়ী মেহেদী হাসান শয়নের মালিকানাধীন স্যার ও কিনটাশক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের মালিক মেহেদী হাসান শয়ন জানান, ঘটনার সময় প্রতিষ্ঠানের ম্যানেজার দুপুরের খাবার খেতে বাড়িতে যান। এ সুযোগে কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন।
তার অভিযোগ, হামলায় অংশ নেন চৌগাছার নিড়িবিলিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মৃত মনির উদ্দিনের ছেলে ইসহাক আলী ও সোহাগ এবং ইসহাক আলীর ছেলে নাঈমুজ্জামান সুমন। তারা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News