Breaking News

যশোর সদর হাসপাতালে নবজাতকের মৃত্যু : স্বজনদের ক্ষোভ

যশোর অফিস : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের পর এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা। এ ঘটনায় হাসপাতালে স্বজনদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের তাজমিরা (২০) প্রসব ব্যথা নিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে সিজারের জন্য তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

পরিবারের সদস্যদের দাবি, অস্ত্রোপচারের সময় তাদের রক্তের প্রয়োজনের কথা জানানো হয়। তারা রক্তের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, একটি ছেলে শিশুর জন্ম হয়েছে, তবে শিশুটি গুরুতর অসুস্থ। পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

স্বজনদের অভিযোগ, নবজাতককে পরিবারের কাছে দেওয়ার পর তারা শিশুর শরীরে নড়াচড়া দেখতে পান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা শিশুটিকে যশোর নিউ মার্কেট এলাকার একটি শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটি জীবিত রয়েছে বলে জানান এবং উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মত দেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা শিশুটি জীবিত আছে বলে জানান এবং দ্রুত লাইফ সাপোর্টের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। পরে শিশুটিকে আবার যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা

নবজাতকের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা এবং ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানোর কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তারা আরও দাবি করেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান কবীর বাপ্পী বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …