যশোর অফিস : যশোরের মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে শিমুল মণ্ডল নামে এক খণ্ডকালীন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, শিক্ষকের পরিচালিত কোচিংয়ে না পড়ায় স্কুল ছুটির পর তাদের মেয়েকে আটকে রেখে মারধর করা হয়। এতে তার শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের পর থেকে শিক্ষক শিমুল মণ্ডল পলাতক রয়েছেন।
অভিভাবকদের আরও অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে শিট বিক্রির নামে টাকা আদায় এবং অশোভন আচরণের অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মো. খায়রুল আনাম বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়ায় তদন্তাধীন।
এদিকে এমএসটিপির সভাপতি ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News