নতুন আহ্বায়ক ফকির, সদস্য সচিব বিনয়, দুই সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক : নানা নাটকীয়তার পর প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটিতে নেতৃত্বে এসেছে পরিবর্তন। একই সাথে ক্লাবের বর্তমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোরের দুটি সাংবাদিক সংগঠন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়তনে আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে কমিটির সিনিয়র সদস্য ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। আহ্বায়ক কমিটির সদস্য এম আইউব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেভাবে এলো পরিবর্তন
সভায় বলা হয়, গত ৬ আগস্ট বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সদস্য ওহাবুজ্জামান ঝন্টু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাদের স্থলে নতুন আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করা হয়।
এছাড়া কমিটির সদস্য এসএম তৌহিদুর রহমান কোনো সভায় উপস্থিত না হওয়ায় তাকেও কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সভায় সাবেক আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যের ক্লাব পরিচালনায় অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
নির্বাচন ও সদস্য নিয়ে সিদ্ধান্ত
সভায় পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজি আনিছুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করীমকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ক্লাবের তিন সদস্য সাকিরুল কবীর রিটন, হাবিবুর রহমান মিলন ও জাহিদুল কবীর মিল্টনকে আগামী ২ সেপ্টেম্বর বুধবার রাত ৮টার মধ্যে দায়-দেনা পরিশোধের শেষ সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিশোধ না করলে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।
সভায় ব্যাংকিং কার্যক্রমসহ ক্লাব পরিচালনা ও নিরাপত্তার বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সামাজিক মাধ্যমে বক্তব্য নিয়ে সতর্কতা
সভায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা হয় যে, সামাজিক মাধ্যম ব্যবহার করে কোনো কোনো সদস্য প্রেসক্লাব যশোর ও যশোরের সাংবাদিক সমাজের মর্যাদা ও ঐতিহ্য পরিপন্থী কার্যকলাপ চালাচ্ছেন। ব্যক্তিগতভাবে সাংবাদিকদের আক্রমণ করে সম্মানহানির চেষ্টাও হচ্ছে। এ বিষয়ে সদস্যদের সংযত আচরণের আহ্বান জানানো হয়। অন্যথায় গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় ফকির শওকতের সভাপতিত্বে বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেইউজের উদ্বেগ ও আহ্বান
এদিকে প্রেসক্লাবের চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন-জেইউজে এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন।
জেইউজের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম জামান কাকা পৃথক বিজ্ঞপ্তিতে বলেন, সাংবাদিকদের বৃহত্তর ঐক্য ও মর্যাদা রক্ষার স্বার্থে বিশেষ সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু অনিয়ম ও বিতর্কের জেরে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ তিনজন পদত্যাগ করেছেন। একজন সদস্য শুরু থেকেই নিষ্ক্রিয় রয়েছেন। ফলে কমিটির কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ।
নেতৃবৃন্দ ক্লাবের স্থবিরতা দূর করে সচল করতে এবং সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের স্বার্থে সকল পক্ষকে নিয়ে পুনরায় নতুন উদ্যোগ গ্রহণের জন্য ক্লাবের সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানান।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News