নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচজনের।
শনিবার যশোর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগীরা ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ১৪ জন, চৌগাছায় একজন, ঝিকরগাছায় তিনজন, কেশবপুরে আটজন, মণিরামপুরে পাঁচজন, শার্শায় তিনজন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে যশোর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকেই জ্বর, শরীর ব্যথা, দুর্বলতাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৮৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News