যশোর অফিস : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নিয়ন্ত্রণে যশোর জেলাজুড়ে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ৪৩টি স্থানে একযোগে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১ হাজার ৭০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৪টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনভর শহরের মণিহার, ধর্মতলা, দড়াটানা, নিউমার্কেট, হাইকোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, বৈধ কাগজপত্রসহ যানবাহনের বিভিন্ন বিষয় যাচাই করা হয়। পাশাপাশি কোনো যানবাহন ব্যবহার করে মাদক, অবৈধ অস্ত্র বা অপরাধমূলক সামগ্রী পরিবহন করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি করা হয়।
যশোর জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, কোনো অশুভ চক্র যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
পুলিশের পক্ষ থেকে যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News