ডি এইচ দিলসান :
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দেশনায় দেশের স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হলেও যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের বিষয়ে এখনো দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এ্যাডহক কমিটির মাধ্যমে চলা জেলা ক্রীড়া সংস্থায় দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন জেলার ক্রীড়া সংগঠকরা।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অক্টোবর ২০২৬-এর মধ্যে তফসিল ঘোষণা এবং নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের কথা বলা হয়েছে। চিঠিতে নির্বাচন সম্পন্ন করে প্রতিবেদন পাঠানোর জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্বাচিত গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর।
তবে জাতীয় ক্রীড়া পরিষদের এমন নির্দেশনার পরও যশোর জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের প্রস্তুতির তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তাদের দাবি, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মাঠে নিয়মিত খেলাধুলা ফেরাতে দ্রুত নির্বাচন জরুরি।
সাবেক জাতীয় দলের ফুটবলার কাজী জামাল হোসেন বলেন, আমরা চাই মাঠে খেলা ফিরুক। যশোরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তার জন্য দরকার একটি সুষ্ঠ নির্বাচন। নির্বাচন দিতে দেরি করলে ক্ষতি আমাদের সবার। তিনি দাবি করেন খুব সল্প সময়ের মধ্যো নির্বাচন সম্পন্ন করতে হবে।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে মাঠে খেলা নেই। নতুন কোনো খেলোয়াড় তৈরি হচ্ছে না। উঠতি বয়সী ছেলে-মেয়েরা খেলার মাঠে না গিয়ে নেশার দিকে ধাবিত হচ্ছে। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হলে আবারও যশোর জেলা ক্রীড়া সংস্থার জৌলুস ফিরবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত কমিটি দায়িত্ব নিলে নিয়মিত খেলাধুলা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরিসহ জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এজন্য দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এদিকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক চিন্ময় সাহা বলেন, “আমরা দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেব। জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুত তফসিল ঘোষণা করব।”
ক্রীড়া সংগঠকদের প্রত্যাশা, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও মাঠে নিয়মিত প্রতিযোগিতা ও খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News