যশোর অফিস : যশোর শহরের ব্যস্ততম সড়কে প্রকাশ্যে এক নারীর কানের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে এক যুবক। সোমবার সন্ধ্যা সাতটার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পারুল চক্রবর্তী জানান, তিনি এক স্বজনকে সঙ্গে নিয়ে হেঁটে গাড়িখানা রোড থেকে জামে মসজিদ লেনে ঢুকে এইচএমএম রোডের দিকে যাচ্ছিলেন। পেপার ও স্টেশনারির একটি দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে এক যুবক হঠাৎ তাঁর দুই কানের দুল টেনে ছিঁড়ে নিয়ে লোহাপট্টির দিকে দৌড়ে পালিয়ে যায়।
এ সময় পারুলের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। কয়েকজন ওই যুবককে ধাওয়া করলেও তাঁকে আটক করতে পারেননি। দুল টেনে ছিঁড়ে নেওয়ায় পারুলের কানে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।
জনাকীর্ণ সড়কে প্রকাশ্যে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় লোকজন বিস্ময় প্রকাশ করেছেন। ভুক্তভোগী পারুল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী যশোর দাউদ পাবলিক স্কুলের শিক্ষক বলে তিনি জানান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, কোনো নারীও এ বিষয়ে অভিযোগ করেননি। তবে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানান তিনি।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News