Breaking News

ভবদহ দিবসে পদযাত্রা : মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : মাঘী পূর্ণিমার আগেই ভবদহ অঞ্চলের নির্দিষ্ট একটি বিলে টিআরএম (জোয়ারাধার) কার্যকর, আমডাঙ্গা খাল অবিলম্বে বিস্তৃত ও প্রশস্ত করে পুনর্খনন এবং নদী-খাল থেকে কচুরিপানা ও সব ধরনের কৃত্রিম বাঁধ অপসারণ করে অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা। একই সঙ্গে ২০১৬ সালের ৫ অক্টোবরের হামলায় জড়িতদের দ্রুত বিচার ও আমডাঙ্গা খালের জন্য জমি অধিগ্রহণ করা ব্যক্তিদের পাওনা অর্থ দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।

এছাড়াও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরীকে ভবদহ এলাকা পরিদর্শনের আহ্বান জানালেও দেড় মাস অতিবাহিত হলেও তিনি না আসায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়

ভবদহ দিবস উপলক্ষে সোমবার বিকেলে অভয়নগর উপজেলা থেকে পদযাত্রা শুরু করে আমডাঙ্গা খালের পাড়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে ও সংগ্রাম কমিটির অন্যতম নেতা শেখর বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস, ভবদহ সংগ্রাম কমিটির অন্যতম নেতা অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, মাসুদ শেখ ও সাধন বিশ্বাস। উপস্থিত ছিলেন ভবদহ সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বিপ্লবী যুব মৈত্রীর যশোর জেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ভবদহ সংগ্রাম কমিটির সদস্য রাজু আহমেদ, আজিজুর রহমান, ইকবাল গাজী, মামুন সরদার, আলমগীর, উত্তম বিশ্বাস, সঞ্জয় বৈরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে নেতারা বলেন, দীর্ঘ চার দশক ধরে ভবদহের পানি নিষ্কাশনের দাবিতে আন্দোলন চলছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আমডাঙ্গা খাল সংস্কারের দাবি আদায় হলেও ২০২৪ সালে সংস্কারের জন্য অর্থ বরাদ্দের পরও ২০২৬ সাল চলে এলেও কাজ শুরু হয়নি। এ জন্য তাঁরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার গাফিলতি ও অসাধুতাকে দায়ী করেন।

তাঁরা বলেন, ভবদহ অঞ্চলের প্রায় দুই শতাধিক গ্রাম এখনো পানিবন্দী। যশোরের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর এবং খুলনার ডুমুরিয়া উপজেলার একাংশের মানুষের বসতবাড়ি, ভিটেমাটি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শ্মশান ও কবরস্থান পানির নিচে রয়েছে। প্রতিবছর ইরি ধান উৎপাদন নিয়েও অনিশ্চয়তায় থাকতে হয় কৃষকদের।

বক্তারা বলেন, সরকার আসে, সরকার যায়; মানুষ বারবার ভোট দিয়ে সরকার গঠন করে। কিন্তু ভবদহের পানিবন্দী মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আসে না। বছরের পর বছর তাঁরা পানির মধ্যে বসবাস করছেন। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না হওয়া পর্যন্ত এ অঞ্চলের মানুষের আন্দোলনও থামবে না।

নেতৃবৃন্দ বলেন, টিআরএম বাস্তবায়ন ছাড়া প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নদী খনন কোনো কাজে আসবে না। নদীর স্বাভাবিক জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে টিআরএম এখনই চালু করা প্রয়োজন। টিআরএম না হলে ভবদহ সুইজগেট থেকে প্রায় ৬০ কিলোমিটার নদী আবার ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁরা অভিযোগ করেন, দুই বছর ধরে আমডাঙ্গা খাল সংস্কারের নামে কার্যত সময়ক্ষেপণ করা হচ্ছে। অদৃশ্য কারণে খাল খনন ও সংস্কারের কাজ এগোচ্ছে না। যারা আমডাঙ্গা খাল সংস্কারে বাধা দিচ্ছে, তারা ভবদহবাসীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে বলেও মন্তব্য করেন তাঁরা।

নেতারা বলেন, আমডাঙ্গা খালের পাড়ে যেসব মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের পাওনা অর্থ দ্রুত পরিশোধ করতে হবে। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা—টিআরএম ও আমডাঙ্গা খাল সংস্কার—বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দীর্ঘদিনের এ আন্দোলন চলবে।

সমাবেশে ৫ অক্টোবরের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রসঙ্গও উঠে আসে। নেতারা বলেন, ওই কর্মসূচির মূল দাবি ছিল—‘পানি সরাও, মানুষ বাঁচাও’, অবিলম্বে টিআরএম চালু এবং কৃষকদের ক্ষতিপূরণ প্রদান। আন্দোলনের অগ্রভাগে ছিলেন বিপুলসংখ্যক নারী।

তাঁদের অভিযোগ, ওই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলনের তৎকালীন আহ্বায়ক রনজিত বাওয়ালি গুরুতর আহত হন। পরে তিনি দৃষ্টিশক্তি হারান এবং দৃষ্টিহীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই হামলার সঙ্গে জড়িতদের এখনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, তৎকালীন স্থানীয় রাজনৈতিক নেতা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি অংশ টিআরএম বাস্তবায়নের বিরোধিতা করেছিল। তাঁদের অভিযোগ, একই ধরনের ষড়যন্ত্র এখনো চলছে।

নেতৃবৃন্দ জানান, যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও জলাবদ্ধতা অঞ্চলের মানুষের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত একজন ছাড়া সবাই টিআরএমের পক্ষে মত দেন।
এ ছাড়া সাম্প্রতিক জরিপে প্রায় ৯৭ শতাংশ মানুষ টিআরএমের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন তাঁরা। পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে সাক্ষাৎ করে ভবদহের পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তাঁকে এলাকা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে। তবে দেড় মাস পার হলেও তিনি পরিদর্শনে আসেননি বলে সমাবেশে জানানো হয়।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, ২০ অক্টোবরের মধ্যে আমডাঙ্গা খাল সংস্কার, নদী-খালের সব বাধা অপসারণ এবং মাঘী পূর্ণিমার আগে টিআরএম বাস্তবায়নের কাজ দৃশ্যমান না হলে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

নেতারা বলেন, ২০১৬ সালে হামলার শিকার হলেও আন্দোলন থেমে যায়নি। আমডাঙ্গা খাল সংস্কার ও টিআরএম বাস্তবায়নের মাধ্যমে ভবদহের পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …