নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী সাত শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন ‘আপন ঠিকানা’র উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাশিমপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আপন ঠিকানার সভাপতি তানভীর রায়হান তুহিন। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল আলীম, অভিভাবক সদস্য আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, কাশিমপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম উজ্জ্বল এবং আপন ঠিকানার ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও অনুপ্রেরণার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া হলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার আগ্রহ তৈরি হয়।
আপন ঠিকানার সভাপতি তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News