Breaking News

যশোরের ফুটবল ইতিহাসের ১৩ নক্ষত্রকে সংবর্ধনা

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য থেকে জাতীয় নারী দলের খেলোয়াড় ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান

ডি এইচ দিলসান : দেশের ফুটবল ইতিহাসে যশোরের অবদান ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের ১৩ জন সাবেক, বর্তমান ও প্রয়াত কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, জাতীয় পুরুষ ফুটবল দলের খেলোয়াড় এবং জাতীয় নারী ফুটবল দলের প্রতিনিধিত্বকারী চার নারী ফুটবলার। ক্রীড়াঙ্গনে তাঁদের অবদান ও অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) যশোর প্রেসক্লাবের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে ‘সৌখিন ক্রীড়াচক্র, যশোর’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট, স্মারক গেঞ্জি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। প্রয়াত খেলোয়াড়দের সম্মাননা তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
সৌখিন ক্রীড়াচক্রের সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ ছাড়া উপস্থিত ছিলেন সৌখিন ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক এ বি এম আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এনাম মাহমুদ বাবুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরের ফুটবলের ইতিহাস দীর্ঘদিনের। এ জেলার খেলোয়াড়েরা দেশের ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের প্রতিভা, দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে যাঁরা ফুটবল মাঠে বাংলাদেশের পক্ষে জনমত গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বক্তারা আরও বলেন, ক্রীড়াবিদদের জীবনের বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের পতাকা ও পরিচয়কে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে তুলে ধরা। অথচ সময়ের ব্যবধানে অনেক কৃতী খেলোয়াড়ই হারিয়ে যান বিস্মৃতির আড়ালে। তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। বিশেষ করে প্রয়াত খেলোয়াড়দের স্মৃতি ও ক্রীড়াক্ষেত্রে তাঁদের অবদান সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। তাঁরা বলেন, যশোরের ফুটবল ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে হলে তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি, তরুণদের প্রশিক্ষণ, মাঠের সংকট নিরসন এবং ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন খেলোয়াড় তৈরি করতে হবে।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী পুরুষ ফুটবলারদের মধ্যে সম্মাননা পান প্রয়াত শেখ আব্দুল হাকিম, খন্দকার রকিবুল ইসলাম, কাওসার আলী, সৈয়দ মাশুক মো. সাথী, মাসুদুর রহমান টনি, কাজী জামাল হোসেন, এস এম রাজিব, রাব্বি হোসেন রাহুল ও মিনহাজুল করিম স্বাধীন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের চার কৃতী খেলোয়াড় আকলিমা খাতুন, খাদিজা খাতুন, সাবিনা আক্তার ও সাজেদা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়।
১৩ জন কৃতী ফুটবলারের এই সম্মাননা আয়োজনের মধ্য দিয়ে যশোরের ফুটবলের সমৃদ্ধ ইতিহাস, পুরুষ ও নারী ফুটবলারদের অবদান এবং ক্রীড়াঙ্গনের গৌরবময় অধ্যায়কে নতুন করে স্মরণ করা হলো। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং যশোরের ফুটবল ঐতিহ্য ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

About Magpie News

Check Also

কালীপূজার খাবারের তালিকায় রাখতে পারেন যে ৮ ঐতিহ্যবাহী বাঙালি পদ

জীবনযাপন ডেস্ক : বাঙালির উৎসব মানেই খাবারের নানা আয়োজন। আর কালীপূজাও এর ব্যতিক্রম নয়। মধ্যরাতের …