স্টাফ রিপোর্টার : যশোর জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও শহরের ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা নূরনবীকে মারপিট করে হাত-পা ভেঙে, পায়ের রগ কেটে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমানে ভারতে পলাতক শাহীন চাকলাদারসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার প্রায় ১৩ বছর পর ভুক্তভোগী নূরনবী বাদী হয়ে রোববার (২৩ আগস্ট) এ মামলা করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, শফি ওরফে পাইপ শফি, কালাম, রুবেল ও রিন্টু।
মামলার অভিযোগে নূরনবী উল্লেখ করেন, ২০১৩ সালের ১৩ জুলাই রাত সন্ধ্যা ৭টার দিকে ফন্টু চাকলাদার ফোন করে নূরনবীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের কাঁঠালতলার অফিসে ডেকে নেন। সেখানে পৌঁছালে কয়েকজন তাকে অস্ত্রের মুখে মোটরসাইকেল থেকে নামিয়ে মারপিট করেন। একপর্যায়ে তার মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে শাহীন চাকলাদারসহ কয়েকজন সেখানে এসে তাকে গালিগালাজ করে হত্যার নির্দেশ দেন।
নূরনবীর অভিযোগ, এরপর তাকে একটি ইজিবাইকে তুলে কাজীপাড়া আমতলা রোডের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে (নূরনবীকে) মাটিতে ফেলে বুক ও হাত-পা চেপে ধরে ধারালো ছুরি দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়। দুই চোখ, পেট ও পিঠে ছুরিকাঘাত এবং লোহার পাইপ দিয়ে দুই হাত ও পায়ে আঘাত করা হয়। এতে তার দুই হাত ও ডান পায়ের হাড় ভেঙে যায়। এর মধ্যে আসামিরা নূরনবীর মোবাইল ফোন ও পকেটে থাকা আট থেকে নয় হাজার টাকা নিয়ে তাকে ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নূরনবীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসামিদের ভয় ও প্রভাবের কারণে এতদিন (১৩ বছর) তিনি মামলা করতে পারেননি। জনরোষে আওয়ামী লীগ সরকারের পতন ও বেশিরভাগ নেতার দেশত্যাগে অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি আদালতে এখন মামলা করেছেন বলে জানান।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News