Breaking News

সৌখিন ক্রীড়া চক্রের মিলনমেলা, সভাপতির দায়িত্ব নিলেন প্রকৌশলী মোস্তফা কামালের

ক্রীড়া প্রতিবেদক : একসময় যশোরের ফুটবল মাঠ মাতানো খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পদচারণায় শনিবার সকালে প্রাণ ফিরে পেয়েছিল প্রেসক্লাব যশোর অডিটোরিয়াম। দীর্ঘদিন পর একসঙ্গে বসে পুরোনো দিনের গল্প, মাঠের স্মৃতি আর সৌখিন ক্রীড়া চক্রের সোনালি সময়ের কথা স্মরণ করলেন ক্লাবটির সাবেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠানটি যেন পরিণত হয়েছিল এক আবেগঘন মিলনমেলায়।

যশোরের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব সৌখিন ক্রীড়া চক্রের নতুন সভাপতি প্রকৌশলী মোস্তফা কামালের অভিষেক উপলক্ষে শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের অভিভাবক ও বিএনপি নেতা মারুফুল ইসলাম নতুন সভাপতির নাম ঘোষণা করে তাঁকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সেখানে ক্লাবের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং কর্মকর্তারা। দীর্ঘদিন পর প্রিয় ক্লাবের সাবেক সতীর্থদের একসঙ্গে পেয়ে অনেকেই ফিরে যান নিজেদের ফুটবল জীবনের স্মৃতিতে। আড্ডা, স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়ে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সৌখিন ক্রীড়া চক্রের নতুন সভাপতি প্রকৌশলী মোস্তফা কামাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব চিন্ময় সাহা, ক্লাবের সহ-সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, ক্রীড়া সংগঠক খাইরুল কবির চঞ্চল, সাবেক খেলোয়াড় কামাল উদ্দিন হাফেজ, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ হালিম রেজা, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো ও নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক খেলোয়াড় মাসুদ মোহাম্মদ সাথী, কাওসার আলী, আলমগীর সিদ্দিকী, কাজী জামাল প্রমুখ।

ক্লাবের প্রতিষ্ঠাতা এবিএম আক্তারুজ্জামান বলেন, ১৯৮৬ সালে সৌখিন ক্রীড়া চক্রের যাত্রা শুরু। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি যশোরের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নানা সাফল্য অর্জন করে। একসময় সৌখিন ক্রীড়া চক্রের নামের সঙ্গে জড়িয়ে ছিল মাঠের লড়াই, খেলোয়াড়দের উচ্ছ্বাস এবং দর্শকদের ভালোবাসা।

তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা সময়ে ক্লাবটি ফুটবল থেকে দূরে সরে যায়। এতে শুধু ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়নি, যশোরের ফুটবলেও এর প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি।

এবিএম আক্তারুজ্জামান বলেন, সৌখিন ক্রীড়া চক্র ফুটবলে না থাকায় যশোরের ফুটবলের সেই প্রাণচাঞ্চল্যও নেই। নতুন সভাপতির নেতৃত্বে ক্লাবটি আবারও ফুটবলে সক্রিয় হয়ে আগের অবস্থানে ফিরে যাবে এমন প্রত্যাশা করেন তিনি।
নতুন সভাপতি প্রকৌশলী মোস্তফা কামাল ক্লাবের ঐতিহ্য ধরে রেখে সৌখিন ক্রীড়া চক্রকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শুরুতে সৌখিন ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন এমন প্রয়াত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি অসুস্থ সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সুস্থতা কামনা করা হয়।

সব মিলিয়ে নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠানটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। দীর্ঘদিন পর সৌখিন ক্রীড়া চক্রের পুরোনো মুখগুলো এক জায়গায় মিলিত হওয়ায় এটি হয়ে উঠেছিল সাবেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের এক আবেগঘন পুনর্মিলন। কেউ সতীর্থকে দেখে পুরোনো দিনের মাঠের গল্প করেছেন, কেউ স্মরণ করেছেন ক্লাবের হয়ে খেলা গুরুত্বপূর্ণ ম্যাচের কথা। আর সেই স্মৃতিচারণের মধ্য দিয়েই যেন ফিরে এসেছিল সৌখিন ক্রীড়া চক্রের হারানো দিনের ফুটবল আবহ।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …