Breaking News

প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবসহ ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা এবং সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেছেন। রোববার তারা নিজ নিজ কারণ দর্শিয়ে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া কমিটির আরেক সদস্য ওহাবুরজামান ঝন্টু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই দিনে শীর্ষ দুই নেতার পর পর পদত্যাগের ঘটনায় সাধারণ সাংবাদিকদের মধ্যে নানা আলোচনা ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে প্রথমে পদত্যাগপত্র জমা দেন সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন। পদত্যাগপত্রে তিনি জানান, গত ৬ আগস্ট ক্লাবের সংকট নিরসনে গঠিত কমিটিতে অনাগ্রহ সত্ত্বেও সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি সদস্যসচিবের দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্যপদ প্রদান ও অডিট কার্যক্রমের মতো কাজ সম্পন্ন হলেও ক্লাবের কাজে অতিরিক্ত সময় দিতে গিয়ে নিজের পত্রিকার কাজ ব্যাহত হচ্ছিল। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পেশাগত ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছিল বলে উল্লেখ করেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এরপর একই দিন বিকেল সাড়ে ৩টায় পদত্যাগপত্র জমা দেন কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। তিনি উল্লেখ করেন, বয়সজনিত অসুস্থতা সত্ত্বেও সংকট নিরসনে তিনি আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ক্লাবের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিতর্ক এবং সার্বিক পরিস্থিতিতে কার্যক্রম প্রত্যাশিত ও নিরপেক্ষভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। বিভিন্ন বিষয়ে আপত্তি জানানো সত্ত্বেও ক্লাবের সুনাম ও সাংবাদিকদের ঐক্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে দীর্ঘ সাংবাদিকতা পেশা ও ক্লাবের ভাবমূর্তি রক্ষায় এবং অসুস্থতার বিষয় বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, সদস্যপদ প্রদানসহ নানা দাবিতে সাংবাদিকদের এক অংশের আন্দোলনের মুখে কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে গত ৬ আগস্ট ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ ছাড়া যাচাই-বাছাই শেষে সম্প্রতি ৩৬ জন নতুন সাংবাদিককে সদস্যপদ প্রদান এবং এক সাবেক সদস্যের সদস্যপদ পুনর্বহাল করা হয়। তবে নির্বাচন ও সদস্যপদ প্রদানকে কেন্দ্র করে বিতর্ক চলমান থাকা অবস্থাতেই আহ্বায়ক ও সদস্যসচিবের পদত্যাগে নতুন করে সংকট তৈরি হলো।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …