Breaking News

ঝিকরগাছায় রাতের আঁধারে ১৮৬ পেঁপে গাছ কর্তন

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের লিজ নেওয়া জমির ১৮৬টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মাঠে।

ক্ষতিগ্রস্ত কৃষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, সোমবার দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তার লিজ নেওয়া প্রায় ১৫ কাঠা জমিতে রোপণ করা পেঁপে গাছ কেটে দেয়। মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে তিনি দেখতে পান, প্রায় ৩০০টি পেঁপে গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে ফেলা হয়েছে।

নিজাম উদ্দিন পাটোয়ারী গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের বজলুর হক পাটোয়ারীর ছেলে। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি লাভের আশায় জমিটি লিজ নিয়ে পেঁপে চাষ শুরু করেন। ফলন আসার পর গাছগুলো কেটে দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। তারা ক্ষেত ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন পাটোয়ারী বলেন, অনেক আশা নিয়ে জমিটি লিজ নিয়ে পেঁপে চাষ করেছিলাম। প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পেঁপে ক্ষেতটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কৃষকের ১৮৬টি পেঁপে গাছ কেটে দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।

ইউএনও এম সাইফুল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন কৃষক পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে ফসল উৎপাদন করেন। তার ফসল নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ক্ষতিগ্রস্ত কৃষককে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

About Magpie News

Check Also

গলার চেইন ও অংটি হাতাতেই রঞ্জনকে হত্যা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে রঞ্জন মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির …