স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন অর্ধ রাস্থাসহ ফুটপাত দখল, ‘হাইজিন মানে না কেউ’, বলছেন নিরাপদ খাদ্য কর্মকর্তা
ডি এইচ দিলসান : যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে আনাচে কানাচে ও ফুটপাতজুড়ে সন্ধ্যা নামলেই বসছে অসংখ্য ভ্রাম্যমাণ খাবারের দোকান। কোথাও ফুটপাতের বড় অংশজুড়ে টেবিল-চুলা, কোথাও সড়কের পাশ ঘেঁষে খাবার তৈরির আয়োজন, আবার কোথাও ক্রেতাদের ভিড়ে পথচারীদের চলাচলই কঠিন হয়ে পড়ছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এ ধরনের ভ্রাম্যমাণ খাবারের দোকানের সংখ্যা প্রায় এক হাজার। এসব দোকানের বিস্তারে একদিকে তৈরি হয়েছে স্বল্পমূল্যের খাবারের বাজার, অন্যদিকে ফুটপাত ব্যবহার, সড়কে যান চলাচল এবং খাদ্যনিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। যশোর শহরের বিভিন্ন সড়কের পাশে গড়ে ওঠা ফুডকার্ট ও ভ্রাম্যমাণ খাবারের দোকানে খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, এসব দোকানের একটি অংশে আগের দিনের বিক্রি না হওয়া খাবার পরদিন পুনরায় গরম বা প্রসেস করে নতুন খাবার হিসেবে বিক্রি করা হচ্ছে। কম দামে খাবার পাওয়ায় শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব দোকানের ওপর নির্ভরশীল।
স্থানীয়দের অভিযোগ, দিনের শেষে অবিক্রীত চিকেন ফ্রাই, বার্গারের প্যাটি, ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপসহ বিভিন্ন খাবার পরদিন আবার গরম করে পরিবেশন করা হয়। বিশেষ করে মাংসজাতীয় খাবার যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করলে তা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ক্রেতাদের অভিযোগ, খাবারের স্বাদ বা গন্ধে অস্বাভাবিকতা বুঝলেও কম দাম ও দ্রুত খাবার পাওয়ার কারণে অনেকেই বিষয়টি এড়িয়ে যান। একই সঙ্গে ব্যবহৃত তেল কতদিন পরপর পরিবর্তন করা হচ্ছে এবং কাঁচা ও রান্না করা খাবার কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোরের কর্মকর্তা আব্দুর রহমানের ভাষ্য, স্ট্রিট ফুড বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না। তাঁদের নিবন্ধনের আওতায় আনা ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্যারিস রোডখ্যাত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়ক, চিত্রার মোড়ের এম এম আলী সড়ক, দড়াটানা মোড়, গাড়িখানা রোড, চৌরাস্থা মুজিব সড়ক, মনিহার মোড়, আর এন রোড ও রেল রোডে সন্ধ্যার পর এসব দোকানের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় এক হাজার ভ্রাম্যমাণ খাবারের দোকান রয়েছে।
এসব দোকানে চাইনিজ-থাই খাবার থেকে শুরু করে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, ভাজাপোড়া, পুরি-সিঙাড়া, চা ও শরবতসহ নানা ধরনের খাবার বিক্রি হয়। স্বল্পমূল্যে সহজলভ্য হওয়ায় সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়ে। কিন্তু দোকানের টেবিল, চুলা, রান্নার সরঞ্জাম ও ক্রেতাদের ভিড়ে অনেক স্থানে ফুটপাতের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্থহওয়ার অভিযোগ রয়েছে।
ফুটপাত দিয়ে চলাচলের জায়গা সংকুচিত হলে পথচারীদের মূল সড়কে নেমে হাঁটতে হয়। এতে যানবাহনের সঙ্গে সংঘর্ষসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। কোনো কোনো সড়কের পাশে দোকান ও ক্রেতাদের ভিড় সড়কের ব্যবহারযোগ্য অংশেও প্রভাব ফেলছে বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোরের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “যশোরের কোনো স্ট্রিট ফুড মালিক হাইজিন মেইনটেইন করে না। তারা ন্যূনতম কোনো নিয়ম মানে না।” তিনি জানান, ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের নিবন্ধনের আওতায় আনা এবং তাঁদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তবে এ উদ্যোগ কবে শুরু হবে, কতটি দোকানকে নিবন্ধনের আওতায় আনা হবে, প্রশিক্ষণ কীভাবে পরিচালিত হবে এবং প্রশিক্ষণের পর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা কীভাবে তদারকি করা হবে এসব বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।
শহরের বিভিন্ন সড়কের পাশে খোলা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু দোকানে খাবার প্রস্তুত ও বাসনপত্র পরিষ্কারের কাজে ব্যবহৃত পানির নিরাপত্তা নিশ্চিত করা হয় না। খোলা খাবারে ধুলাবালি জমা, মাছি-পোকামাকড়ের সংস্পর্শ এবং অপরিচ্ছন্ন সরঞ্জাম ব্যবহারের কারণে খাদ্যদূষণের আশঙ্কা তৈরি হতে পারে। খাবার তৈরির সময় পরিষ্কার হাত ও বাসনপত্র ব্যবহার, নিরাপদ পানি নিশ্চিত করা, খাবার ঢেকে রাখা এবং কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পচনশীল খাবার উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ এবং দীর্ঘ সময় অনিরাপদ পরিবেশে রাখা খাবার বিক্রি না করাও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার অংশ।
যশোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, সব খাবার খাওয়ার সময় এর বিশুদ্ধতার কথা চিন্তা করতে হবে। কারণ আমাদের দেশের বেশিরভাগ জায়গায় দূষিত বায়ু প্রবাহিত হয়। বাতাসে ধুলোবালি উড়ে। এই ধুলোবালিতে থাকে প্রচুর জীবাণু। এই জীবাণু পথের ধারের খাবারের সঙ্গেও মিশে যায়। তাই এই খাবার খাওয়ার ফলে পেট ব্যথা, ডায়রিয়া, বমি, মাথাব্যথা, আমাশয় ও কৃমির সংক্রমণ হতে পারে। প্রতিটি খাবার তৈরিতে পানি একটি প্রয়োজনীয় উপাদান। এ পানি যাতে বিশুদ্ধ ও নিরাপদ কী না সেটা নিশ্চিত হতে হবে। যে পানিতে ইকোলাই ও স্ট্রেপটোকক্কাই নামক দুটি ব্যাকটেরিয়া থাকে সেই পানি থেকে দেহে সংক্রমণ ঘটতে পারে। এ জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। দূষিত পানি পান করলে বা দূষিত পানি দিয়ে রান্না করলেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আবার নোংরা পরিবেশে রান্না করলেও সংক্রমণ ঘটতে পারে। মানুষের দেহে খুব দ্রুত জীবাণুর বিস্তার ঘটে খাবারের মাধ্যমে। জীবাণুর মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে মানুষ যেমন অসুস্থ হয়ে পড়ে তেমনি এটি রোগ প্রতিরোধ শক্তিও নষ্ট করে দেয়। মানুষকে জীবাণুর অন্যতম বাহক বলা যেতে পারে। এ জীবাণু আসে তার ত্বকের সংস্পর্শে এবং কফ-থুতু-হাঁচি কাশির মাধ্যমে। যেসব জীবাণুর জন্য খাদ্য বিষাক্ত হয়ে যায়, তার মধ্যে ক্লস্টিডিয়াম বটুলিনাম উল্লেখযোগ্য। এ জীবাণু মাটিতে যতক্ষণ থাকে ততক্ষণ কোনো রোগ উৎপন্ন করে না। তবে যখনই খাদ্যের মধ্যে প্রবেশ করে তখনই দ্রুত বংশবিস্তার করে ও বিষাক্ত পদার্থ নিঃসরণ করে। জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। যারা খাদ্যদ্রব্য প্রস্তুত করেন বা নাড়াচাড়া করেন, তাদের হাত পরিষ্কার কী না সেটা দেখতে হবে। তাদের চর্মরোগসহ অন্যান্য সংক্রামক রোগ আছে কী না সেটাও নিশ্চিত হতে হবে। পথের ধারের খাবার খেতে গেলে খেয়াল রাখতে হবে রন্ধনকারীর হাতের নখ পরিষ্কার ও নখ ছোট করে কাটা আছে কী না, কি পরিবেশে রান্না হচ্ছে, কী ধরনের পানি ব্যবহার করছে, রন্ধনকারীর পোশাক পরিষ্কার আছে কিনা, খাবার দেওয়ার সময় হাতে গ্লাভস ও মুখে মাস্ক আছে কিনা, মাথা ঢাকা আছে কিনা, ধুলা বালি ও মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য খাবার ঢেকে রেখেছে কিনা ইত্যাদি। খাবারে কোনো মাছি বসবে না। স্ট্রিট ফুড খেতে গেলে বা কিনতে গেলে ক্রেতাকে এ ব্যাপারে সতর্ক হতে হবে।
বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির যশোর শাখার সভাপতি শফিকুল আজাদ মনে করেন, ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি প্রশিক্ষণ ও নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা থাকা প্রয়োজন।
তাঁর মতে, নিবন্ধন কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, কতটি দোকান এর আওতায় আসবে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কী ব্যবস্থা নেওয়া হবে এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার। প্রশিক্ষণের পর বিক্রেতারা বাস্তব স্বাস্থ্যবিধি মানছেন কি না, তা পর্যবেক্ষণ করাও জরুরি।
নিরাপদ খাদ্য কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের নিবন্ধনের আওতায় আনা এবং প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিক্রেতাদের নিরাপদ পানি ব্যবহার, খাবার ঢেকে রাখা, হাত ও সরঞ্জাম পরিষ্কার রাখা, বর্জ্য ব্যবস্থাপনা এবং খাবার সংরক্ষণের নিয়ম সম্পর্কে সচেতন করার সুযোগ তৈরি হবে। তবে উদ্যোগটি কবে শুরু হবে, কতটি দোকানকে নিবন্ধনের আওতায় আনা হবে, প্রশিক্ষণ কীভাবে পরিচালিত হবে এবং নিয়মিত তদারকির ব্যবস্থা কী হবেএমন প্রশ্ন করেছেন বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমতির যশোর শাখার সভাপতি শফিকুল আজাদ।
এদিকে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোর কারণে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ের ফুটপাত ব্যবহারে বাধা সৃষ্টি হচ্ছে । দোকানের সরঞ্জাম, চুলা, টেবিল এবং ক্রেতাদের ভিড়ে পথচারীদের চলাচল সীমিত হলে অনেককে মূল সড়কে নেমে চলতে হয়।
এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে, এসব দোকানের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। তাই ফুটপাতের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান ও পরিচ্ছন্ন পরিবেশের ব্যবস্থা করাও প্রয়োজন বলে মনে করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ব্যবসায়ীক নেতা জাহিদ হাসান টুকুন। তিনি বলেন যশোরের প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত সাম্প্রতি যশোর প্যারিস রোডেল দোকানীদের সরিয়ে গরিবশাহ রোডে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তিনি বলেন যশোর শহরের ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোকে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার আওতায় আনতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ভ্রাম্যমাণ খাবারের দোকান উচ্ছেদই একমাত্র সমাধান নয়। বরং বিক্রেতাদের নিবন্ধন, প্রশিক্ষণ, নিরাপদ পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির মাধ্যমে ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা দুটিই রক্ষা করা সম্ভব।
তিনি আরো বলেণ নিবন্ধন ও প্রশিক্ষণের পাশাপাশি দোকানগুলোতে নিয়মিত পরিদর্শন এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়াও জরুরি। শুধু প্রশিক্ষণ আয়োজন নয়, প্রশিক্ষণের পর বিক্রেতারা বাস্তবে স্বাস্থ্যবিধি মানছেন কি না, তা পর্যবেক্ষণ করতে হবে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) খুলনা বিভাগীয় ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মারুফুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাবারের পুষ্টিমান বজায় রাখার পাশাপাশি খাদ্য প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা জরুরি। বিশেষ করে রাস্থার পাশের খাবার ও বেকারিজাত পণ্যের ক্ষেত্রে নিরাপদ পানি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খাবার ঢেকে রাখা এবং কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখার বিষয়ে বিক্রেতাদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে নিয়মিত প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা দরকার।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News