আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করছে তদন্ত সংশ্লিষ্টরা
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় গত ছয় মাসে পৃথক ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ৩৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তদন্ত সংশ্লিষ্টদের প্রাথমিক অনুসন্ধানে এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল, পূর্ববিরোধ, চাঁদাবাজি, দখল-বাণিজ্য এবং অবৈধ অর্থনৈতিক স্বার্থকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে সারা দেশে হত্যাকাণ্ডের সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট এক হাজার ৯১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ফেব্রুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত নিহত ৩৮ জনের মধ্যে বিএনপির ২১ জন, যুবদলের ৮ জন, ছাত্রদলের ২ জন, শ্রমিক দলের ২ জন, কৃষক দলের ২ জন, স্বেচ্ছাসেবক দলের ২ জন এবং তাঁতীদলের একজন রয়েছেন।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে ২৪ জুলাই রাতে রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের কর্মী মো. ইউসুফ আলী পারভেজ নিহত হন। হামলায় আরও একজন যুবদল কর্মী ও এক সবজি বিক্রেতা আহত হন। তদন্তে পুলিশ জানতে পারে, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ ও মাগুরা থেকে ভাড়াটে অস্ত্রধারী আনা হয়েছিল। তবে হামলার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন পারভেজ। তদন্তকারীদের দাবি, ময়লার ঠিকাদারি, ফুটপাতের ব্যবসা, অন্যান্য ব্যবসায়িক স্বার্থ ও টিনশেড ঘরের দখল নিয়ে বিরোধ থেকেই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ভাড়াটে শ্যুটারসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এর আগে ২১ জুলাই রাজধানীর সবুজবাগে ওয়ার্ড বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তার দুই হাতের কবজিও বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়দের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে যুবদলের কয়েকজন নেতাকর্মীসহ ১০ থেকে ১৫ জন এই হামলায় অংশ নেয়।
১৫ জুলাই কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে উঠে এসেছে, স্থানীয় ছাত্রদলের এক নেতার সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে অপরাধীদের দিয়ে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
এর আগে ৮ জুন রাজধানীর মৌচাক এলাকায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ছুরিকাঘাতে নিহত হন। পুলিশের ধারণা, ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই ওই হত্যাকাণ্ড ঘটে।
এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির কর্মী রাজু আহম্মেদ, চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী, খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম, ময়মনসিংহে বিএনপিকর্মী রানা মিয়া এবং বাগেরহাটে কৃষক দলের সভাপতি বাদল মোড়ল পৃথক ঘটনায় নিহত হয়েছেন।
এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে অন্তত ৬১০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৬ জন এবং আহত হয়েছেন চার হাজার ৭৮ জন।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ৬১০টি ঘটনার মধ্যে ৫৭৩টিই ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ বিরোধ অথবা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে। নিহতদের মধ্যে বিএনপির ২৮ জন, জামায়াতের চারজন, আওয়ামী লীগের একজন এবং অন্যান্য দলের তিনজন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ১৯৪টি ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৫৮৫ জন এবং নিহত হয়েছেন ২৪ জন। পাশাপাশি বিএনপি-জামায়াত সংঘর্ষে সাতজন এবং বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে তিনজন নিহত হন। নির্বাচনকে ঘিরে আরও ৩৯৫টি সহিংসতার ঘটনায় আহত হন দুই হাজার ৫৭৩ জন এবং নিহত হন ১২ জন। একই সময়ে ৬০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেন, বিভিন্ন এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হচ্ছেন দলের নেতাকর্মীরা। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের পর দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তার ভাষ্য, অধিকাংশ ঘটনার পেছনে স্থানীয় আধিপত্য, ময়লা-বাণিজ্য, ফুটপাত, দখল ও ব্যবসা নিয়ন্ত্রণের বিরোধ রয়েছে এবং অনেক ক্ষেত্রে বাইরের জেলা থেকে ভাড়াটে শ্যুটার আনা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধবিজ্ঞানী তৌহিদুল হক মনে করেন, ফুটপাত, ময়লা-বাণিজ্য, পরিবহন ও দখল ব্যবসার মতো বেআইনি অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে। তার মতে, এসব খাতের অবৈধ নিয়ন্ত্রণ বন্ধ, আইনের শাসন নিশ্চিত এবং প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে রাজনৈতিক সহিংসতা ও জনমনে উদ্বেগ আরও বৃদ্ধি পাবে।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News