নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের বর্তমান স্থান পরিবর্তনের দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান-মালিক ও ব্যবসায়ী নেতা দাবি করেন, নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে বাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং শতাধিক পরিবারের জীবিকা বিপন্ন হবে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতির সভাপতি মো. শফি উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, মসজিদের জন্য প্রথমে নির্ধারিত স্থান পরিবর্তন করে পার্বনিক লাইব্রেরির পেছনে একই মালিকানাধীন অন্য একটি দাগে মসজিদ নির্মাণ করা হলে বাজারের প্রায় ১২০টি দোকান আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচবে। তিনি জানান, উচ্চ আদালত ইতোমধ্যে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। ২০১৪ সালে ধর্ম মন্ত্রণালয় থেকে মডেল মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ থাকলেও ব্যবসায়িক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সেখানে এখনও কাজ শুরু করা হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করলে হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। এছাড়া বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উত্থাপিত হয়। তারা আরও বলেন, কিছু দোকানকে নির্মাণের নামে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে মডেল মসজিদের স্থান পরিবর্তন করে বিকল্প স্থানে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতিউর রহমান লেন্টু, আবু মুসা, মোহাম্মদ আলী, আনিসুর রহমান, মোহাম্মদ বিল্লাল, শেখ মোহাম্মদ তুহিন, সাইফুল্লাহ প্রমুখ।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News