Breaking News

শাকের হত্যায় ‘সম্পৃক্ততা’: মাগুরায় স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদ ও মারুফ বহিষ্কার

মাগুরা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সংগঠনের মাগুরা পৌর আহ্বায়ক মারুফ হোসেনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে সব পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য সবাইকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যা এবং সোনা লুটের মামলায় সদ্য বহিষ্কৃত গোলাম জাহিদ ও মারুফ হোসেনসহ গ্রেপ্তার ব্যক্তিরা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, সোনা লুটের ভাগাভাগি নিয়ে পরিকল্পিতভাবে গুলি করে শাকেরকে হত্যা করা হয় বলে আসামিরা তথ্য দিয়েছেন।

এসপি মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিতে পৌনে ছয়টি সোনার বার এবং সোনা ডাকাতিতে ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। লুটের সোনা ভাগাভাগির সঙ্গে শাকের হত্যার ঘটনার অনেক মিল রয়েছে।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় একটি বাস থেকে ১৪টি সোনার বার লুটের ঘটনা ঘটে। ওই মামলায় জড়িত গোলাম জাহিদকে মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মারুফ হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কয়েকজন আসামি সোনা লুটের সঙ্গে নিহত শাকেরসহ নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে এসপির ভাষ্য।

গত ২১ অক্টোবর সকালে মাগুরা বাসটার্মিনালে রয়েল পরিবহনের একটি কাউন্টারে যুবদল নেতা শাকের হোসেনের মাথায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

About Magpie News

Check Also

‘মুক্তিযোদ্ধার’ দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে …