ভরিতে কমেছে প্রায় ৯১ হাজার টাকা, ক্রেতা সংকটে হতাশ যশোরের ব্যবসায়ীরা
ডি এইচ দিলসান : দেশের বাজারে স্বর্ণের দাম একের পর এক কমলেও যশোরে গহনার বিক্রিতে প্রত্যাশিত গতি ফিরছে না। গত ১০ মাসের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৯১ হাজার টাকা। অথচ রেকর্ড দরপতনের পরও ক্রেতাদের ভিড় বাড়েনি স্বর্ণের দোকানগুলোতে। দাম কমার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে ব্যবসায়ীদের এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। স্বর্ণের বাজারে এখন দরপতন চলছে, কিন্তু বিক্রিতে নেই উত্থান।
যশোরের স্বর্ণ ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, দাম কমার আগে জেলায় প্রতিদিন স্বর্ণালংকারের আনুমানিক বিক্রি ছিল ৫ থেকে ১০ কোটি টাকা। বর্তমানে তা কমে দাড়িয়েছে ৫ থেকে ৮ কোটি টাকায়। অর্থাৎ দাম কমলেও বাজারে বিক্রির পরিমাণ আগের অবস্থায় ফিরতে পারেনি। ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের উপস্থিতি ও কেনাকাটার আগ্রহ দুটিই কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়শেন (বাজুস)-এর সর্বশেষ ঘোষিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। ২২ নভেম্বর থেকে কার্যকর এই দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। এর আগে ২৯ জানুয়ারি ২০২৬ সালে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকা প্রতি ভরি হয়েছিল। সেই রেকর্ড দরের তুলনায় বর্তমানে দাম কমেছে প্রায় ৯১ হাজার টাকা।
তবে স্বর্ণের দাম কমার এই ধারাবাহিকতা ক্রেতাদের মধ্যে নতুন করে সিদ্ধন্তহীনতা তৈরি করেছে। ভারতে স্বর্ণের সাথে রেনিয়াম মিশ্রন আতঙ্ক, অনেকেই মনে করছেন, দাম আরও কমতে পারে। ফলে এখনই গহনা কেনার পরিবর্তে অপেক্ষা করছেন তারা। বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের মতো জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার ক্ষেত্রে আগ্রহ কমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা।
যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয় বলেন, “স্বর্ণের দাম একের পর এক কমছে। কিন্তু দাম কমলেই যে বাজারে বিক্রি বেড়ে যাবে, বাস্তবে তা হচ্ছে না। মানুষের মধ্যে এখন এক ধরনের অস্থিরতা কাজ করছে। অনেক ক্রেতা ভাবছেন, দাম আরও কমতে পারে। এই প্রত্যাশা থেকেই তারা কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন। ফলে বাজারে ক্রেতার উপস্থিতি ও বিক্রি দুটিই আগের তুলনায় কম।”
তিনি বলেন, “স্বর্ণের দাম যখন দ্রুত বাড়ছিল, তখন অনেক সাধারণ ক্রেতার পক্ষে গহনা কেনা কঠিন হয়ে পড়েছিল। এখন দাম কমলেও মানুষের ক্রয় ক্ষমতা আগের মতো নেই। পাশাপাশি ভবিষ্যৎ দামের অনিশ্চয়তা ক্রেতাদের সিদ্ধােেন্ত প্রভাব ফেলছে। বাজারে স্থিতিশীলতা ফিরলে এবং ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হলে স্বর্ণের বেচাকেনা আবারও স্বাভাবিক হতে পারে।”
স্বর্ণের বিশুদ্ধতা ও হলমার্কের নির্ভরযোগ্যতা নিয়েও সাম্প্রতিক সময়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগের কথা আলোচনায় এসেছে। তবে এসব উদ্বেগের পাশাপাশি দেশের বাজারে মূল্য ওঠানামা, ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা এবং আরও কম দামে কেনার প্রত্যাশাও বিক্রির গতি কমিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News