ডি এইচ দিলসান : ভৈরবের বুকে চাঁদের আলো, আকাশের ছায়া। উষার আলোয় আলোকিত ভৈরব, ভৈরবের জোয়ারে ভাসছেন ঊষা। যশোরের প্রাণের নদ ভৈরবকে ঘিরে এখন নতুন করে স্বপ্ন দেখছেন শহরবাসী। একদিকে নদীর কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে গলাঅব্দি নেমে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়ে আলোচনায় চিকিৎসক ডা. ঊষা। অন্যদিকে, নদী পরিষ্কারে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ১৬ লাখ টাকা বরাদ্দ, আধুনিক যন্ত্রের মাধ্যমে কচুরিপানা উত্তোলন ও অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা। এর পাশাপাশি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভৈরবের সৌন্দর্যবর্ধনে ২২ কোটি টাকার বরাদ্দ পাওয়ার তথ্য জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান টুকুন।
অর্থাৎ ভৈরবকে ঘিরে এবার শুধু কচুরিপানা পরিষ্কার নয়, নদীর সৌন্দর্য ফিরিয়ে আনা, পরিবেশ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নেরও সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই আশাবাদের মধ্যেই সামনে এসেছে কিছু প্রশ্ন। নদী পরিষ্কারের সরকারি সিদ্ধান্ত যখন প্রায় তিন মাস আগেই নেওয়া হয়েছে, তখন ব্যক্তিগত উদ্যোগের কৃতিত্ব কতটুকু? সবাই মিলে এগিয়ে আসার আহ্বান থাকলেও সমন্বয় সভা ও গুরুত্বপূর্ণ বৈঠকে উদ্যোক্তার অনুপস্থিতি কেন? নদী বাঁচানোর আন্দোলন কি সম্মিলিত উদ্যোগে এগোবে, নাকি ব্যক্তিগত পরিচিতি ও প্রচারের প্রতিযোগিতায় আটকে যাবে?
ডা. ঊষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েই এসব প্রশ্নের উত্তর খোঁজা প্রয়োজন। কারণ ভৈরব কারও ব্যক্তিগত সম্পদ নয়, এটি পুরো যশোরের ঐতিহ্য, পরিবেশ ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি নদী।
গলাঅব্দি পানিতে নেমে ঊষার পরিচ্ছন্নতা অভিযান, নড়েচড়ে বসে যশোর।
চলুন একটু পেছনে ফেরা যাক।
দীর্ঘদিন ধরে ভৈরবের শহর অংশের বিভিন্ন স্থানে কচুরিপানার বিস্তার, কালো পানি ও দুর্গন্ধ যশোরবাসীর পরিচিত দৃশ্য। নদীর দুই পাড়ে বসবাসকারী মানুষ, পথচারী ও শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ প্রতিদিন এই দুরবস্থা দেখেছেন। কেউ ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আবার কেউ নদীটির অতীত সৌন্দর্যের কথা স্মরণ করে আক্ষেপ করেছেন। কিন্তু বাস্তবে নদীর পানিতে নেমে কচুরিপানা সরানোর উদ্যোগ নিতে দেখা যায়নি তেমন কাউকে।
এমন পরিস্থিতিতে চিকিৎসক ডা. ঊষা নিজেই নেমে পড়েন ভৈরবের পানিতে। কালো, দুর্গন্ধযুক্ত পানিতে গলাঅব্দি নেমে হাতে তুলে নেন কচুরিপানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নিজের কাজের ছবি ও ভিডিও। আহ্বান জানান, নিজের শহরের নদীকে পরিষ্কার করতে সবাই এগিয়ে আসুন।
তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ দ্রুত আলোচনায় আসে। অনেকে প্রশংসা করেন, কেউ অনুপ্রাণিত হন, আবার কেউ দীর্ঘদিনের নাগরিক দায়িত্ববোধ থেকে নদী পরিষ্কারের কাজে যুক্ত হন।
একজন মানুষের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ সামাজিক পরিবর্তনের শুরু অনেক সময় একজন মানুষের সাহসী পদক্ষেপ থেকেই হয়। তবে এই উদ্যোগের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারও তৈরি হয়। ফলে প্রশ্ন উঠেছে, নদী পরিষ্কারের পাশাপাশি ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তা অর্জনের বিষয়টি কি এই উদ্যোগে বড় হয়ে উঠছে? এমন প্রশ্নের পেছনে মূলত রয়েছে কৃতিত্ব ও সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কয়েকজনের অসন্তোষ। যদিও ডা. ঊষার ব্যক্তিগত উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও নামল ভৈরবে
ডা. ঊষার উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর নদী পরিষ্কারের কাজে যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একপর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও নদীতে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
জেলা বিএনপির পক্ষ থেকেও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় ডা. ঊষার উদ্যোগকে শক্তিশালী করতে আর্থিক সহায়তার বিষয়টি সামনে আসে।
এতে বোঝা যায়, ভৈরব পরিষ্কারের উদ্যোগটি শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষও এগিয়ে আসতে শুরু করেন।
কিন্তু এখানেই তৈরি হয় নতুন আলোচনা। সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, ডা. ঊষা সবার সহযোগিতা চাইলেও বাস্তবে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। অন্যদের অংশগ্রহণ ও অবদানকে যথাযথভাবে সামনে আনার পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগের পরিচিতি বেশি গুরুত্ব পাচ্ছে বলেও তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে।
প্রশ্ন হচ্ছে, একটি নদী পরিষ্কারের কাজে যখন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন ও নাগরিক সমাজ এগিয়ে আসছে, তখন সেটিকে সম্মিলিত আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করতে বাধা কোথায়?
বিশিষ্টজনদের নিয়ে বৈঠকের উদ্যোগ, কিন্তু উদ্যোক্তার উপস্থিতি নিয়ে প্রশ্ন
ভৈরবকে ঘিরে বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে একত্রিত করার উদ্যোগ নেন ডা. ঊষা। ঢাকাস্থ যশোর সমিতির সভাপতি ডা. রশিদ, উলশী সৃজনী সংঘের মনি, প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান টুকুন, ঊষার মামা সুমনসহ কয়েকজনের মধ্যে গ্রুপ কলে আলোচনা হয়।
আলোচনার উদ্দেশ্য ছিল, ভৈরবের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও সংগঠিত করা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া।
এরপর শুক্রবার প্রেসক্লাব যশোরে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে ভৈরবের বর্তমান পরিস্থিতি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার কথা ছিল।
কিন্তু আয়োজকদের দাবি, ছুটি পাবেন না—এমন কারণ দেখিয়ে ওই সভায় উপস্থিত হননি ডা. ঊষা। এ বিষয়ে প্রেসক্লাব যশোরের সভাপতি সরকারি নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান টুকুন বলেন, ঊষা তখন যশোরেই পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সেখানেও বিভিন্ন কারণে ডা. ঊষার উপস্থিতি নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে জাহিদ হাসান টুকুন প্রশ্ন তোলেন, সবাইকে একত্রিত করার উদ্যোগ নেওয়ার পরও গুরুত্বপূর্ণ সমন্বয় সভা ও বৈঠকে উদ্যোক্তা নিজেই কেন অনুপস্থিত থাকছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেণ ঊষা আমাকে বলেছে “আমি বিসিএস ক্যাডার, আমি অন্র বিসিএস ক্যাডারের কাছে যেতে পারি না। আমি মিডিয়া ফেস করতে পারি না। এটা আমার রুলস এর বাইরে” যদিও তিনি বলেন, আমরা দেখতে পারছি উষা এই কাজটাই স্বাচ্ছন্দে করছে।
তাঁর এই প্রশ্নের মধ্য দিয়ে মূলত একটি বিষয় সামনে এসেছে—নদী রক্ষার মতো বড় উদ্যোগে ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক সমন্বয় কতটা জরুরি।
কারণ ভৈরবের সমস্যা শুধু কচুরিপানায় সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নদীর নাব্যতা, পানির প্রবাহ, বর্জ্য ব্যবস্থাপনা, দখল, অপরিকল্পিত সেতু-কালভার্ট এবং পরিবেশ দূষণের মতো জটিল বিষয়। এসব সমস্যার সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সরকারি সংস্থার সহযোগিতা অপরিহার্য।
কাঠেরপুল থেকে দড়াটানা: বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের অংশগ্রহণ
এরপর ভৈরবের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হয় বিডি ক্লিন এবং জাহিদ হাসান টুকুনের নেতৃত্বাধীন ডেস ক্রিসেন্টের সদস্যরা। তাঁদের অংশগ্রহণে কাঠেরপুল থেকে দড়াটানা পর্যন্ত নদীর একটি গুরুত্বপূর্ণ অংশের কচুরিপানা অপসারণ করা হয়।
দীর্ঘদিন পর নদীর একটি অংশ থেকে সবুজ কচুরিপানার আস্তরণ সরে গেলে দৃশ্যমান হয় পানির মুখ। শহরের মানুষের মধ্যেও তৈরি হয় নতুন আশাবাদ। অনেকে নদীর পাড়ে দাঁড়িয়ে পরিবর্তন দেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন।
কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রমের পর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেয়—উত্তোলিত কচুরিপানাগুলো কোথায় রাখা হচ্ছে?
অভিযোগ রয়েছে, উত্তোলিত কচুরিপানার একটি অংশ নদীর পাশেই ফেলে রাখা হয়েছে। ফলে সেগুলো পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নদীর পাড়ে ও তলদেশে জৈব পদার্থ জমার আশঙ্কা তৈরি হচ্ছে।
কচুরিপানা নদী থেকে তুলে পাড়ে ফেলে রাখলেই সমস্যার স্থায়ী সমাধান হয় না। বরং সেগুলো দ্রুত সরিয়ে পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনা করা প্রয়োজন। অন্যথায় নদীর এক জায়গা পরিষ্কার হলেও অন্য জায়গায় নতুন দূষণের সৃষ্টি হতে পারে।
এ ছাড়া শহরের বাসাবাড়ি, বাজার, হাসপাতাল, হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানের বর্জ্য এবং অপরিশোধিত পয়োনিষ্কাশনের পানি নদীতে পড়তে থাকলে কচুরিপানা পরিষ্কারের সুফল বেশিদিন স্থায়ী হবে না।
তিন মাস আগেই সরকারি সিদ্ধান্ত, কচুরিপানা অপসারণে ১৬ লাখ টাকা বরাদ্দ
ভৈরব পরিষ্কারের সাম্প্রতিক উদ্যোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আগাম পরিকল্পনা ও বরাদ্দ।
পানি উন্নয়ন বোর্ডের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, নদী রক্ষা আমাদের রুটিন কাজ। চলতি বছরের আগস্ট মাসেই ভৈরবের শহর অংশের কচুরিপানা পরিষ্কারের বিষয়ে সভা ও পরিকল্পনা করা হয়েছিল। এ কাজের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারিতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্র ব্যবহার করে নদী থেকে কচুরিপানা উত্তোলন করা হবে। শুধু নদী থেকে তুলে পাড়ে ফেলে রাখা নয়, উত্তোলিত কচুরিপানা অন্যত্র সরিয়ে নেওয়ারও পরিকল্পনা রয়েছে।
অর্থাৎ ডা. ঊষার ব্যক্তিগত উদ্যোগ আলোচনায় আসার প্রায় তিন মাস আগেই ভৈরবের শহর অংশ পরিষ্কারের বিষয়ে সরকারি পর্যায়ে পরিকল্পনা ও অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সরকারি পরিকল্পনা ও বরাদ্দ থাকলেও কাজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তার সুফল পাওয়া যায় না। নাগরিক উদ্যোগের মাধ্যমে যদি প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত হয়, তাহলে সেটিও ইতিবাচক। কিন্তু আগে থেকে নেওয়া সরকারি সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের ইতিহাসকে উপেক্ষা করে পুরো কার্যক্রমকে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে দেখানো হলে প্রকৃত চিত্র আড়ালে থেকে যায়।
পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর কচুরিপানা অপসারণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বিশেষ করে আধুনিক যন্ত্রের ব্যবহার এবং উত্তোলিত কচুরিপানা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা নদীর পরিচ্ছন্নতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ।
কেন বারবার কচুরিপানায় ভরে যায় ভৈরব?
ভৈরবের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, কচুরিপানা মূল সমস্যা হলেও এর পেছনে রয়েছে আরও কয়েকটি কারণ।
প্রথমত, নদীর শহর অংশে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত। দ্বিতীয়ত, নদীতে পর্যাপ্ত স্রোত না থাকায় কচুরিপানা এক জায়গায় জমে থাকে। তৃতীয়ত, শহরের বিভিন্ন স্থান থেকে অপরিশোধিত বর্জ্য ও পয়োনিষ্কাশনের পানি নদীতে মিশে পানির গুণগত মান নষ্ট করছে।
কচুরিপানা পুষ্টি উপাদানসমৃদ্ধ ও স্থির পানিতে দ্রুত বংশবিস্তার করতে পারে। ফলে নদীতে দূষিত পানি ও পুষ্টি উপাদানের আধিক্য থাকলে কচুরিপানার বিস্তার আরও বাড়তে পারে।
প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদি রক্ষা কমিটির সদস্য জাহিদ হাসান টুকুনের মতে, ভৈরবে স্বাভাবিক জোয়ার-ভাটা থাকলে পানির প্রবাহের কারণে কচুরিপানা জমে থাকার প্রবণতা অনেকটাই কমে যেত। বর্তমানে নদীর শহর অংশে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিষ্কার করা অংশও আবার কচুরিপানায় ভরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তাঁর মতে, শহরের অপরিশোধিত বর্জ্য ও মলমূত্র মিশ্রিত পানি কচুরিপানার বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। এ কারণে শুধু কচুরিপানা অপসারণ নয়, দূষণের উৎস বন্ধ করাও জরুরি।
অপরিকল্পিত সেতু-কালভার্টে বাধাগ্রস্ত নদীর প্রবাহ
ভৈরবের সংকটের আরেকটি বড় কারণ হিসেবে অপরিকল্পিত সেতু ও কালভার্ট নির্মাণকে দায়ী করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদি রক্ষা কমিটির সদস্য জাহিদ হাসান টুকুন।
তিনি বলেন, জেলা প্রশাসক আশেক হাসানের ঐকান্তি প্রচেষ্টা এবং পরিবেশ অধিদপ্তরের ডিডি আতিউর রহমান ও সিভিল সাজন মাসুদ সাহেবের হাত ধরে নদী পাড়ের বজ্জ্ ব্যবস্থা উন্নত সহ জরিমানা অব্যহত রেখেছেন। যশোরবাসী আগামীতের তার সুফল পেতে শুরু করেছে। তিনি বলেন নদীর ওপর অপরিকল্পিতভাবে সেতু ও কালভার্ট নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় নদীর তলদেশ ভরাট করে সেতু নির্মাণের কারণে পানির চলাচল সংকুচিত হয়েছে। ফলে জোয়ারের পানি স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছে না।
সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ নদীর ক্ষতির কারণ হয়েছে বলে তাঁর অভিযোগ।
প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদি রক্ষা কমিটির সদস্য জাহিদ হাসান টুকুনের মতে, এসব সেতু ও কালভার্টের প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণ করা গেলে ভৈরবের শহর অংশে পানির প্রবাহ ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ভবিষ্যতে এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে। জোয়ারের পানি স্বাভাবিকভাবে চলাচল করলে কচুরিপানা জমে থাকার প্রবণতাও কমবে।
তবে নদীর ওপর নির্মিত সব সেতু বা কালভার্ট ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটির পানিপ্রবাহ সক্ষমতা, উচ্চতা, নদীর নাব্যতা ও পরিবেশগত প্রভাব নিয়ে কারিগরি সমীক্ষা প্রয়োজন। কারণ একটি নদীকে সচল করতে হলে উন্নয়ন অবকাঠামো এবং নদীর স্বাভাবিক প্রবাহের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
ভৈরব দখলমুক্ত করার পেছনে রয়েছে দীর্ঘদিনের উদ্যোগ
ভৈরবকে ঘিরে বর্তমান পরিচ্ছন্নতা অভিযান নতুন হলেও নদী রক্ষার আন্দোলন ও সরকারি উদ্যোগ দীর্ঘদিনের।
প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদি রক্ষা কমিটির সদস্য জাহিদ হাসান টুকুন জানান, সাবেক জেলা প্রশাসক আওয়াল আহমেদের সময় ভৈরব নদ দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়। নদীর সৌন্দর্য নষ্ট করছিল এমন বিভিন্ন স্থাপনা, বিশেষ করে নদীর পাড়ে থাকা লাইব্রেরিগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
নদী রক্ষা কমিটির সদস্য হিসেবে তিনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে এসব স্থাপনা উচ্ছেদে কাজ করেন বলে জানান। তিনি বলেন তৎকালিন প্রকৌশলী প্রবির কুমার গোস্বামীরে সাহসিকতায় অনেক রাজনৈতিক বাধা পেরেওি অসাধ্য কাজ সাধন করা সম্ভব হয়। যশোরবাসী তাকে ভুলবে না।
এরপর নদী খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। কচুরিপানা পরিষ্কার করে নদীর সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি নদীর পাড়ে ফুলের গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছিল।
প্রায় দুই বছর আগেও ভৈরবের কচুরিপানা পরিষ্কার করে নদীর সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ ও দূষণের সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আবারও কচুরিপানার বিস্তার ঘটেছে।
এ থেকেই বোঝা যায়, ভৈরবের সমস্যা কেবল পরিচ্ছন্নতার নয়; এটি নদী ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নগর পরিকল্পনার সঙ্গে গভীরভাবে জড়িত।
ভৈরবের সৌন্দর্যবর্ধনে ২২ কোটি টাকার বরাদ্দ
ভৈরবকে ঘিরে সবচেয়ে বড় আশার জায়গা হচ্ছে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনা।
প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদী রক্ষা কমিটির অন্যতম সদস্য জাহিদ হাসান টুকুন জানান, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভৈরবের সৌন্দর্যবর্ধনে ২২ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দেরটাকা দিয়ে ভৈরবের শহর অংশে লাইট, ওয়াকওয়ে এবং বসার জায়গাসহ ফুলের গাছ রোপন করা হবে।
এই বরাদ্দের কথা সামনে আসায় নদীকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়িত হলে ভৈরবের দুই পাড়ের পরিবেশ ও সৌন্দর্যে বড় পরিবর্তন আসতে পারে।
নদীর পাড়ে পরিকল্পিত সবুজায়ন, পরিচ্ছন্ন হাঁটার পথ, বসার স্থান, নাগরিকদের অবসর কাটানোর পরিবেশ এবং নদীকেন্দ্রিক বিনোদনের সুযোগ তৈরি করা সম্ভব। তবে এসব কাজের আগে নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা ও দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
শুধু নদীর পাড় সাজিয়ে দিলে হবে না, নদীর পানিও পরিচ্ছন্ন রাখতে হবে। নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, দখলমুক্তকরণ ও পানিপ্রবাহ পুনরুদ্ধারের বিষয়গুলোও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
হাসপাতাল ও বাজারের বর্জ্য বন্ধ না হলে পরিচ্ছন্নতা টিকবে না
ভৈরবের দূষণের অন্যতম উৎস শহরের বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। বিশেষ করে হাসপাতাল, বাজার, হোটেল, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্য নদীতে পড়লে পানির গুণগত মান নষ্ট হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি ও সরকারি নদি রক্ষা কমিটির সদস্য জাহিদ হাসান টুকুন জানান, হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিভিল সার্জনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসপাতালগুলোকে নিজস্ব বর্জ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে এবং এ বিষয়ে জরিমানার ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইতমধ্যে অনেক গুলো হাসপাতালকে সংসোধন করার কথা বলা হয়েছে অনেককে জরিমানা করা হয়েছে। আশার কথা হলো অনেক গুলো হাসপাতাল নিজস্ব পয়োনিস্কাসন ব্যবস্থা করেছে।
তবে এ উদ্যোগের কার্যকারিতা নিয়মিত তদারকি করা প্রয়োজন। হাসপাতালের বর্জ্য, বাজারের আবর্জনা কিংবা শহরের পয়োনিষ্কাশনের পানি যেন সরাসরি নদীতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
এ জন্য যশোর পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নদীতে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত অভিযান ও আইন প্রয়োগ করতে হবে।
ভৈরবের জন্য এখন কী প্রয়োজন?
ভৈরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নদীটিকে বাঁচাতে কয়েকটি কাজ একসঙ্গে এগিয়ে নেওয়া জরুরি।
প্রথমত, পানি উন্নয়ন বোর্ডের ১৬ লাখ টাকার কচুরিপানা অপসারণ কার্যক্রম নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে। আধুনিক যন্ত্র দিয়ে কচুরিপানা তুলে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে সৌন্দর্যবর্ধনের জন্য ২২ কোটি টাকার বরাদ্দের প্রকল্পের বিস্তারিত প্রকাশ এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
তৃতীয়ত, নদীর ওপর থাকা সেতু ও কালভার্টগুলোর কারিগরি সমীক্ষা করে কোথায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তা চিহ্নিত করতে হবে।
চতুর্থত, শহরের হাসপাতাল, বাজার, হোটেল ও বাসাবাড়ির বর্জ্য নদীতে পড়া বন্ধ করতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, নদীর দখলমুক্ত অবস্থা ধরে রাখতে হবে এবং নিয়মিত তদারকি করতে হবে।
ষষ্ঠত, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, সাংবাদিক, পরিবেশকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে একটি কার্যকর নাগরিক সমন্বয় কমিটি গঠন করা যেতে পারে। এতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নদীর দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
শেষ কথা: ঊষার আলো থাকুক, তবে ভৈরবের কৃতিত্ব হোক সবার
ডা. ঊষা ভৈরবের পানিতে নেমেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন—এটি তাঁর ইতিবাচক অবদান। তাঁর উদ্যোগে যদি আরও মানুষ নদীর প্রতি দায়িত্বশীল হন, তাহলে সেটি যশোরের জন্য অবশ্যই ভালো খবর।
তবে এটিও মনে রাখতে হবে, নদী পরিষ্কারের সরকারি পরিকল্পনা, অর্থ বরাদ্দ এবং নদী রক্ষা কমিটির দীর্ঘদিনের কাজের ইতিহাস রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ১৬ লাখ টাকার পরিকল্পনা, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ২২ কোটি টাকার সৌন্দর্যবর্ধন বরাদ্দের কথা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ—সবকিছু মিলিয়েই ভৈরবের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
একজন মানুষ নদীতে নেমে কচুরিপানা তুলতে পারেন, কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে পারেন না একা। একজন স্বেচ্ছাসেবী নদীর পাড় পরিষ্কার করতে পারেন, কিন্তু শহরের সব বর্জ্য ব্যবস্থাপনা বদলে দিতে পারেন না একা। একজন জনপ্রিয় মুখ মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, কিন্তু নদী বাঁচাতে প্রয়োজন প্রশাসন, প্রকৌশলী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, পরিবেশকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
তাই ডা. ঊষার উদ্যোগকে স্বাগত জানাতে হবে, একই সঙ্গে তাঁর প্রতি প্রত্যাশা থাকবে—তিনি যেন সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করেন এবং যাঁরা দীর্ঘদিন ধরে ভৈরব নিয়ে কাজ করছেন, তাঁদের অবদানকেও স্বীকৃতি দেন।
ভৈরবের পরিচ্ছন্নতা যেন কোনো ব্যক্তিগত প্রচারের প্রতিযোগিতা না হয়। ১৬ লাখ টাকার কচুরিপানা অপসারণ কার্যক্রম এবং ২২ কোটি টাকার সৌন্দর্যবর্ধন পরিকল্পনা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। বরাদ্দের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার, প্রকল্পের স্বচ্ছতা এবং কাজের মান নিশ্চিত করতে হবে।
একদিন ভৈরবের বুকে আবার জোয়ার আসুক। নদীর পানিতে চাঁদের ছায়া পড়ুক। দুই পাড়ে ফুল ফুটুক, মানুষ পরিবার নিয়ে হাঁটতে আসুক। শিশুরা দেখুক একটি জীবন্ত নদী। ফিরে আসুক ভৈরবের হারানো সৌন্দর্য, প্রাণ ও ঐতিহ্য।
ঊষা আলো ছড়াক, যশোরবাসী ঐক্যবদ্ধ হোক। কৃতিত্বের প্রতিযোগিতা নয়, ভৈরবকে বাঁচানোর প্রতিযোগিতা হোক।
ভৈরব বাঁচুক, যশোর বাঁচুক।
www.magpienews24.com Bangla News, Letest News, Jessore News