Breaking News

নির্বাচনের পথে যশোর জেলা ক্রীড়া সংস্থা, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন কমলেশ মজুমদার


ডি এইচ দিলসান : দীর্ঘদিনের স্থবিরতা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরছে যশোর জেলা ক্রীড়া সংস্থা। নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড (এডিএম) কমলেশ মজুমদারকে। যশোর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। তিনি জানান, যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমলেশ মজুমদারকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছেন তাঁরা।
যশোর জেলা ক্রীড়া সংস্থায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। ওই নির্বাচনের মাধ্যমে চার বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতায় নতুন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। একপর্যায়ে ২০২৪ সালের আগস্টে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের জানুয়ারিতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হলেও নির্বাচিত নেতৃত্বের অপেক্ষা থেকেই যায়। দীর্ঘ এই সময়ে জেলা ক্রীড়া সংস্থার স্বাভাবিক কার্যক্রম ও সাংগঠনিক গতিশীলতা নিয়ে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে প্রত্যাশা ও আলোচনা তৈরি হয়।
এ অবস্থায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নতুন করে গতি পেয়েছে। সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশনার নিয়োগের খবরে যশোরের ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য ও কর্মঠ নেতৃত্ব উঠে আসবে।
ক্রীড়া সংগঠকদের মতে, জেলা ক্রীড়া সংস্থার কার্যকর নেতৃত্ব শুধু একটি কমিটি গঠনের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জেলার ক্রীড়াঙ্গনের সামগ্রিক ভবিষ্যৎ। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করলে নিয়মিত খেলাধুলার আয়োজন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, বয়সভিত্তিক প্রশিক্ষণ, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় পর্যায়ে যশোরের খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
অন্যদিকে খেলোয়াড়দের প্রত্যাশা, মাঠ ও প্রশিক্ষণসুবিধার উন্নয়ন, নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানো এবং বিভিন্ন ডিসিপ্লিনে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়ার দাবি রয়েছে।
ক্রীড়াঙ্গন সংম্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, বরং দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করবে। খেলাধুলাকে তররু প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তোলা এবং যশোরের হারানো ক্রীড়া ঐতিহ্য ও সাফল্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সব মিলিয়ে নির্বাচন কমিশনার নিয়োগের মধ্য দিয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার। তাঁদের প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটবে, সাংগঠনিক কর্মকান্ডে ফিরবে গতি এবং নতুন উদ্যমে এগিয়ে যাবে যশোরের ক্রীড়াঙ্গন।

About Magpie News

Check Also

২২ কোটিতে ভৈরবের সৌন্দর্যবর্ধন, ১৬ লাখে কচুরিপানা অপসারণ, এরই মধ্যে আলোচনায় ডা. ঊষার উদ্যোগ ও কৃতিত্বের প্রশ্ন

ডি এইচ দিলসান : ভৈরবের বুকে চাঁদের আলো, আকাশের ছায়া। উষার আলোয় আলোকিত ভৈরব, ভৈরবের …