Breaking News

‘মুক্তিযোদ্ধার’ দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বর মোড়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে যশোরের বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. আব্দুল লতিফ।

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তৌহিদ আহমেদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, কমরেড হাচিনুর রহমান ও যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর ইসলাম।

বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি চরম অবমাননা। মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। মানববন্ধনে আরও অংশ নেন আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, জেলা কমান্ডের সদস্য আবুল কাশেম ও জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান।

About Magpie News

Check Also

মাঠ সংস্কারের যুক্তিতে গাছ কাটার পক্ষে অধ্যক্ষের সাফাই

বাঘারপাড়া ডিগ্রি কলেজে ১৬টি মেহগনি গাছের মোটা ডাল ছাঁটাই নিয়ে বিতর্ক, অনুমতি ছিল ছোট ডাল …