Breaking News

অভয়নগরে খাটের ওপর পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ, মালামাল লুট

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নিজ ঘরের খাটের ওপর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। পরিবারের দাবি, হত্যাকাণ্ডের পর ঘর থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া গেছে। স্থানীয়দের ধারণা, চুরি বা লুটপাটের উদ্দেশ্যে রাতে দুর্বৃত্তরা ঘরে ঢোকে। এ সময় আছিয়া বেগম তাদের চিনে ফেলায় তাঁকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, তাঁর বাবার মৃত্যুর পর থেকে মা ও খালা ওই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) তাঁর খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন আছিয়া বেগম। তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় খাটের ওপর তাঁর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পান্না বেগম আরও বলেন, ‘সকালে এসে দেখি, খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাচ্ছি না। দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করে সবকিছু লুটে নিয়েছে।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের খাটের ওপর থেকে ওই বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

About Magpie News

Check Also

যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি এখন মধ্যপ্রাচ্যে

ম্যাগপাই নিউজ ডেক্স : মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি …